পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া বজায় রেখে শেষ ম্যাচটাও জেতা। চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু রোববার দুপুর দুইটায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি, অস্ট্রেলিয়ার বিপক্ষেও টানা দুই হারে কিছুটা এলোমেলো বাংলাদেশ।
যতটা না মাঠের লড়াইয়ে হেরেছে বাংলাদেশ তার থেকে বেশি পরিকল্পনাতে দেখা গেছে ঘাটতি। তৃতীয় ম্যাচেও কি তেমনটা থাকবে নাকি বদলাবে পরিস্থিতি, বদলাবে পরিকল্পনা।
অস্ট্রেলিয়া মতো একটা দলের বিপক্ষে এখনো সেরা একাদশ নিয়ে মাঠে নামা হয়নি। সাকলাইনকে চেষ্টা করা হয়েছে, ব্যাটিং অর্ডারে অযৌক্তিক অদল বদল করা হয়েছে, সোহানকে দলে রেখেও ম্যাচ খেলানো হয়নি। হোয়াইটওয়াশ এর লজ্জার সামনে দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে ম্যানেজমেন্ট।
প্রথম দু ম্যাচের মতো এই ম্যাচেও নেই নিয়মিত অধিনায়ক লিটন। তবে একাদশে ফিরতে পারেন তাসকিন। সোহানকে খেলানোর সম্ভাবনা উজ্জ্বল।
ব্যাটার পারভেজ হোসেন ইমন বলেন, ‘শেষ ম্যাচে আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না।’
২০২১ সালে বাংলাদেশ সফরে ৪-১ তে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া সেই বদলা এরই মধ্যে নিয়ে ফেলেছে। স্বস্তিতে থেকে দলে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার আভাস পাওয়া যাচ্ছে।
অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট রেনশ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচটাও জিতে নেওয়া। আমরাও বেস্ট কম্বিনেশন নিয়ে মাঠে নামব।’
শেষ ম্যাচের আগের দিন কোন দলই অনুশীলন করেনি। হোটেলেই বিশ্রাম ও রিকভারিতে সময় কাটিয়েছেন। ব্যাটিং উইকেটে আরও একটা হাইস্কোরিং ম্যাচের অপেক্ষায় চট্টগ্রাম স্টেডিয়াম।



