রাওয়ালপিন্ডিতে আজ কী এক বিষণ্ন সকাল কেটেছে বাংলাদেশের! বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করার ঘণ্টাখানেক না যেতেই স্কোরবোর্ড ২৬/৬!
কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটির বিকেল গড়াতে গড়াতে সেই বাংলাদেশই এখন ড্রাইভিং সিটে! লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি আর সে পথে হাফ সেঞ্চুরি করা মেহেদি হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৬৫ রানের অসাধারণ জুটিতে ভর করে বাংলাদেশ পিছিয়ে থাকার ব্যবধানটাকে নামিয়ে এনেছিল মাত্র ১২ রানে।
এরপর দিনে আর যতক্ষণ বোলিংয়ের সুযোগ পাওয়া গেল, তার মধ্যে বাংলাদেশের হাসিমুখ চওড়া হয়ে গেল হাসান মাহমুদের সৌজন্যে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩.৪ ওভার হতেই দিনের খেলায় শেষ ডেকেছেন আম্পায়াররা, তার মধ্যে ৯ রানেই ২ উইকেট নেই পাকিস্তানের। দুটি উইকেটই ব্যাটিংয়ে নবম উইকেটে লিটনের সঙ্গে ৭১ রানের জুটিতে ক্রিজে টিকে থেকে দারুণ অবদান রাখা হাসান মাহমুদের।
ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই হাসানের আঘাত। অফ স্টাম্পের বাইরের বলে পায়ের কাজ ঠিক না রেখে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক (৩)।
চতুর্থ ওভারে আবার আঘাত। নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন খুররম শেহজাদ (০), কিন্তু রাতটাতে তাঁকে কোনো চিন্তা ছাড়াই ঘুমানোর সুযোগ করে দিয়েছেন হাসান। পিচে পড়ে লেইট সুইংয়ে স্টাম্পের দিকে ঢোকা বলটার কোনো জবাব ছিল না খুররমের, অফ স্টাম্পের বেল নড়ে গেল। উইকেট পড়তেই দিনের শেষ ঘোষণা করে দেন আম্পায়াররা। অন্য প্রান্তে ওপেনার সাইম আইয়ুব ব্যাট করছেন ৬ রানে।



