আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হেনরিখ ক্লাসেন। মাত্র ৩৩ বছরে অবসরের ঘোষণা দেওয়ায় সাত বছরেই শেষ হলো এই উইকেটকিপার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়।
সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর। পোস্টে বলা হয়েছে আজ সোমবার সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জনাইয়েছেন ক্লাসেন। ২০২৪ সালেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় আজকের ঘোষণায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিশ্চিত হলো।
২০১৮ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন ক্লাসেন। ৬০ ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ২১৪১ রান করেছেন। চারটি সেঞ্চুরি ও ১১টি ফিফটি আছে তাঁর। সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এই রান তিনি করেছেন ১১৭ স্ট্রাইকরেটে।
আর ৫৮ টি-টোয়েন্টিতে ঠিক ১০০০ রান করেছেন প্রায় ১৪২ স্ট্রাইকরেটে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ক্লাসেন আউট হওয়ার আগ পর্যন্ত সাউথ আফ্রিকাই ম্যাচ জয়ের পথে এগিয়ে ছিল। ক্লাসেন আউট হওয়ার পরই ধসে পড়ে সাউথ আফ্রিকার ইনিংস।



