গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে অলিম্পিক লিওঁ। সে হারের রেশ কাটতে না কাটতেই গতকাল লিগ আঁ-তে চিরপ্রতিদ্বন্দ্বী সেঁত এতিয়েনের বিপক্ষে লিওঁ ডার্বিতে ২-১ ব্যবধানে হেরে বসেছে জর্জে মাসিয়েলের শিষ্যরা।
তবে জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটা আলোচনায় এসেছে ভিন্ন কারণে। গ্যালারি থেকে ছোড়া ‘মিসাইলের’ আঘাতে সহকারী রেফারি আহত হয়ে পড়েন। এতে সাময়িক স্থগিত হয়ে যায় ম্যাচ!
এতিয়েনের ঘরের মাঠ স্তাদ জফোঁয়া-গিশাঁর আলোচিত ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪৪তম মিনিটে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা লিওঁ থ্রো-ইন পেয়েছিল। ওই থ্রো-ইন নেওয়ার সময় সহকারী রেফারি মেহদী রাহমুনি কোনো কিছুর আঘাত পেয়ে হাত দিয়ে মাথা চেপে ধরেন। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, গ্যালারি থেকে ছোড়া একটি কয়েন আঘাত করেছিল রাহমুনিকে।
এ ঘটনায় ম্যাচ রেফারি ফ্রাঙ্কোস লেতেক্সার ম্যাচ স্থগিত ঘোষণা করেন এবং খেলোয়াড়সহ অফিসিয়ালদের মাঠ থেকে উঠে যেতে বলেন। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে খেলা। অনিশ্চয়তা কাটিয়ে পরে পুনরায় খেলা চালু হলে ২-১ ব্যবধানে ডার্বি জেতে এতিয়েন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোগের তিরটা লিঁও দর্শকদের দিকে মেরেছেন ম্যাচ প্রতিনিধি নোয়েল মানিনো। সাংবাদিকদের মানিনো বলেছেন, ‘ওই বস্তুটি পারেত স্ট্যান্ড ও অঁরি-পোয়াঁ স্ট্যান্ডের মাঝামাঝি কোনো জায়গা থেকে ছোঁড়া হয়েছিল। আর ওখানে সফরকারী দর্শকেরা ছিলেন।’
মানিনো যোগ করেন, ‘(আঘাত পাওয়ার পর) তিনি (রাহমুনি) ড্রেসিং রুমে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় তিনি মাথা ঘোরার মতো অনুভব করছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমরা একজন ডাক্তারকে ডাকি। বড় আঘাত পাননি এবং ডোলিপ্রেন (এক ধরনের পেইনকিলার) নিয়েছেন। কয়েক মিনিট বিশ্রাম নেওয়ার পর, তিনি সিদ্ধান্ত নেন যে, খেলা চালিয়ে যেতে পারবেন।’
তবে এমন ঘটনা পরবর্তীতে ঘটলে ম্যাচ একেবারে স্থগিত করা হবে বলেও জানিয়েছেন নোয়েল।
এর আগে এমন ঘটনার কারণে লিঁও সমর্থকদের অ্যাওয়ে ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল। আবার মাঠে অতিরিক্ত বিস্ফোরক বাজির ব্যবহার ও আপত্তিকর ভাষা শব্দ দিয়ে প্রতিপক্ষকে হেনস্তা করার অভিযোগে এতিয়েনের গ্যালারির দুই প্রান্ত দর্শকহীন রাখার হুমকিও দেওয়া হয়েছিল।
চলতি বছরের মার্চে মঁপেলিয়েরের বিপক্ষে এতিয়েনের একটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ওই ম্যাচে স্বাগতিক দর্শকেরা মাঠে ফ্লেয়ার ছুড়ে মেরেছিলেন এবং গ্যালারির একটা অংশে আগুন ধরিয়ে দিয়েছিলেন।



