লা লিগার ম্যাচে গতকাল শনিবার হেতাফের মাঠ স্তাদিও কলিসিউমে নামার আগে সাম্প্রতিক ইতিহাস কিছুটা চোখ রাঙানি দিচ্ছিল বার্সেলোনাকে। গতকালের আগে হেতাফের এই ভেন্যুতে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। লা লিগায় বর্তমানে খেলছে, এমন দলগুলোর বিপক্ষে কোনো নির্দিষ্ট ভেন্যুর অ্যাওয়ে ম্যাচে এটাই বার্সা দীর্ঘতম জয়খরা (ম্যাচের হিসেবে)।
অবশেষে সেই খরা কাটাতে পেরেছে হানসি ফ্লিকের দল। ফেরমিন লোপেস ও মার্কাস রাশফোর্ডের গোলে হেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। একইসঙ্গে লা লিগার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
গতকালের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের (৩৪ ম্যাচে ৭৪) চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা (৩৪ ম্যাচে ৮৫)। লিগে আর ৫টি করে ম্যাচ বাকি। ওই ৫ ম্যাচের দুটিতে জিততে পারলেই ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়, আর ক্লাব ইতিহাসে ২৯তম বারের মতো লিগ শিরোপা জিতবে বার্সা।
বার্সার লা লিগা শিরোপা জয় সময়ের অপেক্ষা বলে মনে হলেও আগেভাগেই উদযাপন করতে চান না ফ্লিক। আপাতত বার্সা কোচের ভাবনায় শুধুই পরের ম্যাচ।
গতকালের ম্যাচে ফেরা যাক। একদিকে হেতাফের মাঠে টানা জয়খরা, তার ওপর চোটের কারণে এ ম্যাচে ছিলেন না লামিন ইয়ামাল। এমন অবস্থায় বার্সা কেমন খেলে, সেটাই ছিল দেখার। প্রথম গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। মধ্যমাঠ থেকে পেদ্রির বাড়ানো ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে সেটা ঠান্ডা মাথায় জালে জড়ান ফেরমিন লোপেস। আর ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রাশফোর্ড।
ইংলিশ তারকার গোলটিসহ চলতি মৌসুমে লিগ ম্যাচে বদলি খেলোয়াড়দের দিয়ে ১৭টি গোল করেছে বার্সা। ইউরোপের শীর্ষ ৫ লিগে এবারের মৌসুমে বদলি খেলোয়াড় দিয়ে বার্সার চেয়ে বেশি গোল পেয়েছে শুধু বায়ার্ন মিউনিখ (১৮টি)।
লোপেস আর রাশফোর্ডের গোল শুধু বার্সার জয়ই নিশ্চিত করেনি, বার্সাকেও নিয়ে গেছে লা লিগা জয়ের দ্বারপ্রান্তে। তবে সেটা নিয়ে আপাতত ভাবছেন না ফ্লিক। ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘আমরা শুধু (ম্যাচ) জয়টাই উদযাপন করি… ম্যাচের আগে আমি দলকে বলেছিলাম, আমরা শুধু প্রতিদিনকার কাজ ও দায়িত্বের ওপরই মনোযোগ দেব।’
হেতাফের মাঠে জয়খরা কাটাতে পেরে সন্তুষ্ট ফ্লিক বলেছেন, ‘এভাবে খেলতে পারলে ভালো লাগে। বল পায়ে যেমন ভালো ছিলাম, বল ছাড়াও আজ তেমন ভালোই ছিলাম। এখানে (হেতাফের মাঠে) খেলা সহজ নয়। তবে আজ (শনিবার) আমরা প্রায় নিখুঁত ছিলাম।’
বার্সা কোচ আবারও জানিয়েছেন, শিরোপা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত উদযাপন নিয়ে ভাবছেন না তিনি। ফ্লিকের ভাষায়, ‘(শিরোপা) এখনও নিশ্চিত হয়নি। সামনে আরও পাঁচটা ম্যাচ আছে এবং আমরা শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি। সময় হলে উদযাপন করব, এখনই নয়।’
আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ আছে বার্সার। ওই ম্যাচে ওসাসুনাকে হারাতে পারলে আর মাদ্রিদ যদি পরের ম্যাচে এস্পানিওলের কাছে পয়েন্ট হারায়, তাহলে আগামী সপ্তাহেই লিগ চ্যাম্পিয়ন হবে বার্সা। সেটা না হলে, আগামী ১০ মে কাম্প নেউয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে শিরোপা নিশ্চিত করার সুযোগ আসবে বার্সার সামনে।
তবে এখনই ওতদূর ভাবতে চান না ফ্লিক, ‘আমাদের এখনকার ম্যাচেই মনোযোগ দিতে হবে, ভবিষ্যতে নয়। পরের ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে— সে ম্যাচটাও সহজ হবে না।’



