বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে গতকাল বুধবার রাতে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও যেন অঘোষিত সতর্কবার্তা পাঠাল নর্থ আফ্রিকার দলটি।
আসন্ন বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আলজেরিয়া সঙ্গী হিসেবে পেয়েছে আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়াকে। নেদারল্যান্ডসের বিপক্ষে আলজেরিয়ার এই জয় তাই গ্রুপসঙ্গীদের জন্য একরকম সতর্কবার্তাই।
গতকালের আলোচিত এ ম্যাচে বল দখলের লড়াইয়ে দুদল সমানে-সমান লড়লেও আক্রমণে ঢের এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু কাজের কাজ গোল আদায় করতে পারেননি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে ডাচ সমর্থকদের স্তব্ধ করে দেন হাজ মুসা।
শেষ পর্যন্ত ওই গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তাতে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে নেদারল্যান্ডসের শেষটা সুখকর হলো না। অবশ্য বিশ্বকাপ শুরুর আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা। আগামী সোমবার রাতের ওই ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর ১৪ জুন রাতে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস।
অন্যদিকে আলজেরিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকালে। ওই ম্যাচে আলজেরিয়ার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



