বিশ্বকাপের আগ মুহূর্তে লিওনেল মেসির চোটশঙ্কা দুশ্চিন্তায় ফেলেছিল আর্জেন্টিনা সমর্থকদের। বৈশ্বিক এ টুর্নামেন্টে পুরো ফিট মেসির খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কার মেঘ দূরে সরানোর মতো খবর দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, ফিটনেস ইস্যু অনেকটাই কাটিয়ে উঠেছেন মেসি। বিশ্বকাপে ফিট মেসিকে পাওয়ার ব্যাপারেও আশার কথা শুনিয়েছেন স্কালোনি।
গতকাল শুক্রবার স্কালোনি বলেছেন, ‘লিও (মেসি) ভালো আছে। ও দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। ও পুরোপুরি আলাদা নেই, ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’
বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন, আলজেরিয়ার বিপক্ষে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল। এর আগে অনেক সংবাদমাধ্যম জানিয়েছিল, পুরোপুরি ফিট না হওয়ায় এ দুটি ম্যাচ খেলতে পারবেন না মেসি। তবে স্কালোনি এক্ষত্রেও সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ দুটি ম্যাচের কোনো একটিতে মেসিকে মাঠে দেখা যেতে পারে।
এ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে ও (মেসি) কিছু সময় খেলতেও পারে। আগামীকালের (হন্ডুরাসের বিপক্ষে) ম্যাচে নাকি পরের ম্যাচে (মৌরিতানিয়ার বিপক্ষে) খেলবে, সেটা আমরা দেখব। তবে ও অনেক ভালো অবস্থায় আছে এবং এটা আমাদের স্বস্তি দিচ্ছে।’



