লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গত ৩১ আগস্ট। সেই অর্থে স্পেনের বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিতে মেসির শেষটা সেখানেই হচ্ছে না। আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এ মহাতারকাকে।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে হতে যাওয়া তিন প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই দলে নাম আছে মেসিরও।
তা অবসর নেওয়ার পরও মেসিকে কেন দলে রেখেছে আর্জেন্টিনা? মেসি কি তাহলে তিনটি ম্যাচেই খেলবেন?
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু একটি ম্যাচ খেলবেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ খেলতে দলে রাখা হয়েছে মেসিকে। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও নিশ্চিত করেছেন, ৬ অক্টোবরের ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর দেশের মাটিতে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই এই আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
ভিডিও বার্তায় তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে থেকেছেন, মেসির শেষ ম্যাচে তারা গ্যালারিতে থাকবেন পরিবারসহ।
এ ম্যাচ প্রসঙ্গে তাপিয়া আরও বলেছেন, ‘এই ম্যাচটি হবে মেসির জন্য স্মরণীয় একটি মুহূর্ত। বিশ্বের সেরা খেলোয়াড়ের ‘শেষ ট্যাঙ্গো’ দেখতে সব আর্জেন্টাইন ও জাতীয় দলের সমর্থকদের আমন্ত্রণ জানাচ্ছি।’



