ইরান ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণার পর নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
তিনি জানান, চীন নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। লিন জিয়ান আরও বলেন, চীন ও ইরানের সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হয়েছে। এই সম্পর্কের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য তার।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে চীনের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে।



