মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা মার্কিন কর্মকর্তার প্রকাশ্যে স্বীকার করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় চীন ও রাশিয়া। রয়টার্স জানিয়েছে এ খবর।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করা এবং সেখানে অস্ত্র প্রতিযোগিতায় উসকানি না দেওয়া।
একইভাবে মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানো ও যুদ্ধের প্রস্তুতি নেয়া থেকে ওয়াশিংটনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়া মহাকাশকে অস্ত্রমুক্ত রাখার পক্ষে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবে।
এর আগে যুক্তরাষ্ট্র জানায়, কক্ষপথে মোতায়েন করা স্পেস কন্ট্রোল ওয়েপন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক, দুইভাবেই ব্যবহার করা যাবে। তবে এসব অস্ত্রের ধরন বা সক্ষমতা প্রকাশ করেনি ওয়াশিংটন।



