মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক ১০ শতাংশ শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য আদালত। রায়ে বলা হয়েছে, ৭০-এর দশকের একটি বাণিজ্য আইনের আওতায় সব দেশের ওপর একযোগে এই শুল্ক আরোপের যৌক্তিকতা নেই।
বৃহস্পতিবার ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পক্ষে এ রায় দেন আদালত। তবে এই রায়ের বিপক্ষে থাকা এক বিচারক বলেন, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পক্ষে এখনই চূড়ান্ত রায় দেয়া সময়োপযোগী হয়নি।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, নতুন শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের আগের একটি রায় পাশ কাটানোর চেষ্টা করেছে।
তবে আদালতের এই রায় শুধু অভিযোগ দায়ের করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। বিশ্বজুড়ে দশ শতাংশ হারে যে বাড়তি ট্যারিফ আরোপ করেছেন ট্রাম্প, সেটির ওপর এই রায় কার্যকর হবে না।
ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর একেক হারে যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন – যা নিয়ে বিশ্বের অনেক দেশই উদ্বিগ্ন হয়ে পড়ে – সে সিদ্ধান্তকে ফেব্রুয়ারিতে অবৈধ বলে রায় দেন সুপ্রিম কোর্ট।
এরপর ফেব্রুয়ারিতেই ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র বড় ধরনের বাণিজ্য ঘাটতির মুখে রয়েছে। তবে আদালত বলেছে, প্রেসিডেন্ট যে ধরনের বাণিজ্য ঘাটতির কথা বলেছেন, সেই পরিস্থিতিতে এই আইন ব্যবহার করা যায় না।



