ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল জনসমাগম দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানিরা খামেনিকে ঘৃণা করে বলেই জানতেন তিনি।
জানাজার সময় চাইলে এক হামলাতেই দেশটির বাকি নেতাদেরও নিশ্চিহ্ন করতে পারতেন বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে আলোচনার পথ খোলা রাখতেই তাঁদের বাঁচিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও জানান, জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন এক সপ্তাহে ইরানে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাঁর দাবি, ইরান এখন সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুনয়-বিনয় করছে।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র জবাব দিয়েছে আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি দূতাবাস। এক বিবৃতিতে তারা জানায়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করলেও তাঁর আদর্শের সুবাস সুগন্ধি আতরের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে।



