আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজনৈতিক স্বীকৃতি দেয়া উচিত নয়।
ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৩ দিনের শীর্ষ সম্মেলন। মিয়ানমারের কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সম্মেলনে আলোচনা করবেন নেতারা।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। দেশের অধিকাংশ অঞ্চলে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়েছে, এতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
অভ্যুত্থানের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত ৫ দফা ঐকমত্য বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেতাদের আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে দূরে রাখা হয়েছে।
তবে গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পর মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়িয়েছে আসিয়ান জোটের ৫ সদস্য দেশ। লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং মালয়েশিয়া এ বছর মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে সরকারি সফরে স্বাগত জানিয়েছে। এছাড়া, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলের তাগিদ দিচ্ছে এসব দেশ।
যদিও আয়োজক দেশ ফিলিপাইন বলছে, মিয়ানমারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো বলেন, ‘জুলাইয়ে ব্যাংককে যখন আমরা একত্রিত হয়েছিলাম, তখন মিয়ানমারের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের বৈঠকে যোগদানের সুযোগ দেওয়া হবে।’
এদিকে, নির্যাতন বন্ধ ও বেসামরিক শাসনে রূপান্তরে সেনাবাহিনীর ওপর চাপ বাড়াতে আসিয়ানকে মিয়ানমারের ওপর বিধিনিষেধ বজায় রাখার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া, সামরিক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজনৈতিক স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


