রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন রেকর্ড পরিমাণ ভোটে (প্রায় ৮৮ শতাংশ) জিতেছেন। স্থানীয় সময় রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রাথমিক ফলাফলে দেখা যায়, ১৯৯৯ সালে ক্ষমতায় আসা পুতিন আবার নতুন ছয় বছরের মেয়াদে ক্ষমতায় আসছেন। এর মাধ্যমে পুতিন জোসেফ স্ট্যালিনকে ছাড়িয়ে যাবেন এবং ২০০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদি নেতা হবেন তিনি।
ফলাফলে দেখা যায়, পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। রাশিয়ার সোভিয়েত-পরবর্তী ইতিহাসে সর্বোচ্চ ফলাফল পেয়েছেন তিনি।
রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিসিআইওএম) জানিয়েছে, পুতিন শতকরা ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।
এদিকে রয়টার্সের সাংবাদিকেরা মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং ইয়েকাটেরিনবার্গের ভোটকেন্দ্রে দুপুরে ভোটারদের ব্যাপক সমাগম দেখেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ও ইউক্রেনে দখলকৃত অঞ্চলে তিন দিনের ভোট শুরু হয়। রোববার তিন দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হয়।



