রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও একটি ভূমিধ্বস বিজয় পেয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাকে কোনোভাবে আটকানো যাবে না।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। গত তিনদিন ধরে ভোটগ্রহণের পর বুথফেরত জরিপ বলছে, ভূমিধ্বস বিজয় পেয়েছেন পুতিন। কারণ তাঁর কোনো বিরোধী নেই। যারা ছিলেন, তাঁরা সবাই মারা গেছেন অথবা কারাবন্দি রয়েছেন।
আজ সোমবার ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মস্কোতে তাঁর নির্বাচনী প্রচারাভিযানের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুতিন রুশ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।’
পুতিন আরও বলেন, ‘কেউ কেউ আমাদের ভয় দেখাতে চায়, আমাদের দমন করতে চায়, কিন্তু আমাদের ইতিহাস বলছে, এমন অপচেষ্টা কোনোদিন সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না। রাশিয়াকে কেউ আটকাতে পারবে না।’
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। রাশিয়ার সোভিয়েত-পরবর্তী ইতিহাসে সর্বোচ্চ ফলাফল পেয়েছেন তিনি। সুতরাং, ১৯৯৯ সালে ক্ষমতায় আসা পুতিন আবার নতুন ছয় বছরের মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি জোসেফ স্ট্যালিনকে ছাড়িয়ে যাবেন এবং ২০০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদি নেতা হবেন পুতিন।
রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিসিআইওএম) জানিয়েছে, পুতিন শতকরা ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ও ইউক্রেনে দখলকৃত অঞ্চলে তিন দিনের ভোট শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় গতকাল রোববার।



