রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন। এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব শেষ হলো।
এর আগে স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তাঁর বিদায়ী বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘আমার কাজ শেষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের সবচেয়ে সম্মানের বিষয়।’
বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেন, গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে।



