রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বুধবার ভোরের এ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৪ জন। একই সঙ্গে একাধিক আবাসন ও অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, কিয়েভের সাতটি স্থানে একযোগে আঘাত হানে রুশ বাহিনী। এ সময় শহরজুড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সাইরেন ও সতর্কতা জারি ছিল।
কিয়েভের মেয়র জানান, শহরের কেন্দ্রস্থলের কাছের একটি গুদাম ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন—এমন আশঙ্কায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে, ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ২৭ জন নিহত হন।
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার সহায়তা বাড়ানোর অভিযোগ এনেছে কিয়েভ।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট ইতিমধ্যে পশ্চিম রাশিয়ায় মোতায়েন করা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া বা উত্তর কোরিয়া।



