ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে এ বৈঠক হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিরোধিতা করলেও ইউরোপের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
ইউরোপের পক্ষ থেকে আলোচনায় ভূমিকা রাখার আগ্রহের কথা তুলে ধরেন জ্যারেড কুশনার।
এদিকে, রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহরের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকায় যৌথ মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে মস্কো। পাশাপাশি শহরটি থেকে মাইন অপসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান পুতিন।
বৈঠক শেষে মস্কো ছাড়েন উইটকফ ও কুশনার। আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।
এর আগে, আবুধাবিতে দুই দিন ধরে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনা হলেও যুদ্ধ বন্ধে বড় কোনো অগ্রগতি আসেনি। তবে যুদ্ধবন্দি বিনিময়ে সমঝোতায় পৌঁছেছে পক্ষগুলো।


