জি-২০ সম্মেলনের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়ে দিল, কীভাবে সবাইকে এক কাতারে আনতে হয়। এ কারণে এবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ সদ্য জি-২০ জোটের সদস্যের খেতাব পাওয়া আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন আজালি আসুমানি। রোববার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, বিশ্বের অন্যতম পরাশক্তি ভারত এখন চীনকেও ছাড়িয়ে গেছে।
আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন আজালি আসুমানি বলেন, ‘ভারত এখন বিশ্বের পঞ্চম পরাশক্তি। আফ্রিকাতে অনেক সুযোগ রয়েছে দেশটির। আমরা এটাই জানি, ভারত এতই শক্তিশালী যে, তারা মহাকাশেও পৌঁছে গেছে। ভারত এখন চীনকেও ছাড়িয়ে গেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এই মন্তব্য করার একদিন আগে শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে নতুন স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তে মোদির জোর সমর্থন ছিল। পরে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন আজালি আসুমানিকে আলিঙ্গন করে সম্মেলন করেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করা আবেগঘন মুহূর্ত ছিল বলে মন্তব্য করেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের সদস্য করার ব্যাপারে অনেক দেশের জোর আপত্তি থাকবে বলেই মনে করেছিলেন। কিন্তু সম্মেলনের প্রথম দিনই ঘোষণা আসায় তিনি অনেক খুশি।


জি-২০ সম্মেলন শেষ, বিশ্বনেতারা একমত হলেন যেভাবে
