পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কলকাতা লক্ষ্য করে হামলা চালানোর হুমকির পর ভারতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। হুমকির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির বিরোধীদলের রাজনীতিকরা।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, ‘কলকাতায় হামলার হুমকি’ ইস্যুতে মোদির সমালোচনায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার পশ্চিমবঙ্গের নদীয়ায় নির্বাচনী প্রচারণাকালে ভারতের প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা। সেইসাথে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেন, কোনো মিথ্যা অজুহাতে পাকিস্তানে হামলা চালালে, এবার তা সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। সংঘাত ভারতের ভেতরেও ছড়িয়ে পড়বে। এসময় এমনকি কলকাতাতেও হামলা করা হবে বলে হুমকি দেন তিনি।
এদিকে, অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকারের ওপর চাপ প্রয়োগ করায় মোদির পদত্যাগ দাবি করে মমতা বলেন, সীমান্ত সুরক্ষা কেন্দ্রের হাতে।
উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল এখন বেশ সরগরম।



