ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ভবনটিতে শিশুসহ শিক্ষার্থীদের পেয়িং গেস্ট (পিজি) হিসেবে থাকার ব্যবস্থা ছিল।
বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনো ফোন করছেন এবং মনে হচ্ছে আরও কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত। ধ্বংসস্তূপের ভেতরে পাঁচ, দশ নাকি বিশজন শিক্ষার্থী রয়েছেন, সেটি বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত, শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে। উদ্ধারকাজ চলছে।’
অনিল শর্মা জানান, ধ্বংসস্তূপ থেকে অন্তত দুজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, দুপুর প্রায় দেড়টার দিকে দিল্লির ফায়ার সার্ভিস এই ভবন ধসে পড়ার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধারকাজ শুরু করে।



