ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধের মধ্যে এমন হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। আজ রোববার ইসরায়েল ও ইয়েমেনি কর্মকর্তারাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
হুতি বিদ্রোহী সমর্থক আল মাসিরাহ জানিয়েছে, একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা হয়েছে। কমপক্ষে দুজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সামরিক কমপ্লেক্সে অবস্থিত এ ভবন।
ইয়েমেনি গোষ্ঠী বলছে, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুই দিন পর ইসরায়েল হামলা চালিয়েছে। গাজায় নৃশংসতার জন্য ইসরায়েলকে চাপে রাখার লক্ষ্যে হামলা চালিয়েছিল তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে জানানো হয়েছে, ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের বিরুদ্ধে হুতির বারবার আক্রমণের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমান নিক্ষেপ করা হয়েছে।
আল মাসিরাহ একজন হুতি সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসনে অংশগ্রহণকারী বেশিরভাগ ইসরায়েলি শত্রু বিমানকে প্রতিরোধ করতে এবং তাদের চলে যেতে বাধ্য করতে সক্ষম হয়েছে।
আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলার পর সানার ওপরে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।



