কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী বরাতে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েতের আহমেদ আল-জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী উল্লেখ করেছে, এই হামলায় ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম রাখার গুদামগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
বিবৃতি অনুযায়ী, কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়।
এতে আরও বলা হয়, কুয়েতের ওই ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশপথে নজরদারি ও অভিযান-সংশ্লিষ্ট সহায়তার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।



