এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের নারীদের। শত্রুর মোকাবিলায় নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। যুদ্ধের জন্য হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে চলছে বেসামরিক নাগরিকদের যুদ্ধকালীন প্রস্তুতি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে প্রস্তুতি। যুদ্ধের জন্য ইরানি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক কর্মকর্তারা। এখন বেসামরিক নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তত করছেন ইরান।
শত্রুর মোকাবিলা ও যুদ্ধের ভয় কাটিয়ে উঠতে প্রশিক্ষণ নিচ্ছেন ৪৫ বছর বয়সী প্রযুক্তি প্রকৌশলী রাহেলে গাদিরি।
প্রযুক্তি প্রকৌশলী রাহেলে গাদিরি বলেন, ‘একেবারেই যে ভয় পাচ্ছি না, তা নয়। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। শত্রুর হাত থেকে পরিবার, প্রতিবেশী ও দেশকে রক্ষা করার প্রশিক্ষণ নেয়া জরুরি। সেজন্যই অস্ত্রের ব্যবহার শিখে নিতে হচ্ছে। এতে মনোবলও বাড়ে।’
অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার চাপ থাকলেও পিছু হটবে না ইরান, এতটাই দৃঢ় তিনি।
রাহেলে গাদিরি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবার হামলা করতে পারে। এবার আমাদের লক্ষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পর্যন্ত ক্ষেপণাস্ত্রের পাল্লা পৌঁছানো। ইসরায়েলের ধ্বংস দেখতে চাই আমরা।’
তেহরানের হাফতে তির স্কয়ারে নতুন একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। স্থলপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবিলায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখানে।


