ইসরায়েল সফর করছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি আজ বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছান। হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানানো ও সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সেজন্য এই সফর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে জিম্মি বিদেশি নাগরিকদের মুক্তির জন্য চেষ্টা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জিম্মিদের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছেন। ইতিমধ্যে ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার বেসামরিকদের জন্য নিরাপদ করিডোর প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছে আমেরিকা। যাতে করে ইসরায়েলের সম্ভাব্য অভিযানের আগে উপত্যকা ছেড়ে চলে যেতে পারেন গাজার সাধারণ বাসিন্দারা।
ইসরায়েল সফর শেষে অ্যান্টনি ব্লিঙ্কেনের জর্ডান যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। এরইমধ্যে হামাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামও পাঠিয়েছে ওয়াশিংটন।
গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫ হাজারের বেশি। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।



