শনিবারের সমাবেশে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগও আনা হয়।
রাজধানীর রমনা থানায় হওয়া এ দুটি মামলায় মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ।
রোববার রাত ৮টা ১০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান মির্জা ফখরুলকে আদালতে হাজির করেন। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেছেন।
মির্জা ফখরুলকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রাতেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।
এ ছাড়া হামলার স্বীকার হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৮০ জনকে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক
শনিবারের বিএনপির সহিংসতায় রাজধানীতে ২৮ মামলা 
