শুভ জন্মদিন

হ‌ুমায়ূন আছেন, হ‌ুমায়ূন নেই

সাহিত্যাঙ্গনে জাদুকরী লেখনীতে মুগ্ধতা ছড়িয়েছেন। একইসঙ্গে নাটক-চলচ্চিত্র অঙ্গনেও অনন্য তিনি। তাঁর লেখা কিংবা পরিচালনায় যেসব নাটক নির্মিত হয়েছে সেসব আজও আলোচিত। বলা হচ্ছে, কথাসাহিত্যিক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ প্রসঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক টেলিভিশন নাটকের গুণগত মান নিয়ে যখন নানা ধরনের প্রশ্ন উঠছে, তখন স্বাভাবিকভাবেই দর্শকরা উদাহরণ হিসেবে ফিরে যান তাঁর কাছেই।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘আজ রবিবার’—এমন অসংখ্য নাটকে স্মরণীয় হ‌ুমায়ূন আহমেদ। ঘুরেফিরেই আসে তাঁর কথা। বলা যায়—হ‌ুমায়ূন আহমেদ দৈহিকভাবে না থেকেও আছেন এই সময়ে। শতশত নাটক, সিনেমা ও গল্প-উপন্যাসজুড়ে আজও জীবন্ত তিনি।

বিশেষ করে টেলিভিশন নাটকের ক্ষেত্রে এখনও হ‌ুমায়ূন আহমেদ অতুলনীয়। তাঁর ধারেকাছেও পৌঁছাতে পারেননি কোনো নির্মাতা। কিন্তু কেন?

আজ (১৩ নভেম্বর) এই নন্দিত লেখক-নির্মাতার জন্মবার্ষিকী উপলক্ষে ইনডিপেনডেন্ট ডিজিটালে কথা বললেন অভিনেতা ফারুক আহমেদ। তিনি বললেন, ‘আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় কালোত্তীর্ণ, হ‌ুমায়ূন আহমেদ তেমনই একজন মানুষ, লেখক ও পরিচালক।  আলাদা একজন সত্তা। এই রকম মানুষ যুগে যুগে একজনই আসেন।’

হ‌ুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজারে’, ‘তারা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’, ‘মহান চৈনিক চিকিৎসক ওয়াংপি’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন ফারুক আহমেদ। বর্তমান সময়েও টেলিভিশন নাটকে সরব তিনি। তাই তাঁর কাছে  নাটকের একাল-সেকাল দুটোই দেখা। জনপ্রিয়তায় হ‌ুমায়ূন আহমেদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন, ‌‘তাঁর জানার ভাণ্ডার ছিল অনেক বেশি। অনেক পড়াশোনা করতেন। অনেক কিছু নিয়ে গবেষণা করেছেন, যে কারণে উনার বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল। বলা যায়, সীমাহীন। অনেকেই তাঁর লেখায় গভীরতা নেই বলতে চেষ্টা করেন। আসলে তাঁকে অনেকে বুঝেনই না। আমি সবসময় একটা উদাহরণ দিই—ভৃত্য এবং চাকর, এই দুটি শব্দই তিনি জানতেন। কিন্তু যেন সবাই বুঝতে পারেন, তাই ‘চাকর’ শব্দটি ব্যবহার করতেন। অনেকে ভাবেন তিনি বোধহয় ‘ভৃত্য’ শব্দটি জানেন না, শুধু চাকরটিই জানেন! কোনো কোনো বোদ্ধার মতে, যদি কঠিন করে লেখা যায়, সবাই না বুঝেন, তবেই সেই লেখা কালোত্তীর্ণ; গভীরতা অনেক বেশি! কিন্তু হ‌ুমায়ূন আহমেদের লেখা কিংবা নাটক-সিনেমা যিনি ঠিকমতো লক্ষ্য করবেন, সে-ই বুঝতে পারবেন তিনি কী বলতে চেয়েছেন। যে নব্বই দশকে আমরা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম, যখন প্রকাশ্যে রাজাকার বলা যেত না, তখন তিনি পাখির মুখ দিয়ে নাটকের পর্দায় কী সুন্দর করে ‘তুই রাজাকার’ কথাটি নিয়ে এসেছিলেন। এবং এটি সার্বজনীন হয়েছিল। আমার কাছে মনে হয়, সাহিত্যে তাঁর অগাধ জ্ঞান ছিল। চিন্তায় ছিলেন সবার থেকে আলাদা। যে কারণে তিনি এত জনপ্রিয়তা পেয়েছিলেন।’            

হুমায়ূন আহমেদের নাটকের দৃশ্যে ফারুক আহমেদে। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকে যখন দর্শক খরা, তখনও কথা প্রসঙ্গে চলে আসে হ‌ুমায়ূন আহমেদের প্রসঙ্গ। তাঁর ‘কোথাও কেউ নেই’ নাটকটি দর্শকের মুখে মুখে। ফারুক আহমেদ বললেন, ‘‘লেখনী অথবা নাটক দিয়ে মানুষের খুব কাছে চলে যেতেন হ‌ুমায়ূন আহমেদ। খুব সাবলীলভাবে নাটক নির্মাণ করতেন। ‘কোথাও কেউ নেই’ দেখে দর্শকরা কতটা ভেতরে ঢুকে যায়, মনে হয় যেন এটাই বাস্তব। যে কারণে বাকের ভাইয়ের ফাঁসির বিরুদ্ধে মানুষজন মিছিল করেন। এমন তো এখন কল্পনাও করা যায় না, কারণ তাঁদের মনে হচ্ছিল নাটকের গল্পটাই বাস্তব। এই জন্যই আমাদের মনে হয় যে, তাঁর মতো লেখক-নির্মাতা এখনও আসেননি। যে কারণে নাটক-সাহিত্যে একজন হ‌ুমায়ূন আহমেদের অভাববোধ করি আমরা, তাঁকে মিস করি সব সময়।’’

একটি নাটকের দৃশ্যে আবুল হায়াত ও আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

হ‌ুমায়ূন আহমেদের রচনা কিংবা পরিচালনায় ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘আজ রবিবার’, ‘নক্ষত্রের রাত’ প্রভৃতি কালজয়ী নাটকে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত। তিনি বললেন, ‘হ‌ুমায়ূন আহমেদ অত্যন্ত উঁচু মানের একজন নাট্যকার ও গল্পকার। তাঁর সংলাপ খুব সহজেই দর্শকের হৃদয়ে গেঁথে যেত। চমৎকার করে গল্প বলতে পারতেন। দর্শক মুগ্ধ হয়ে সেই গল্প দেখতেন। শিল্পীরাও মুগ্ধ হয়ে অভিনয় করতেন। আমি তাঁকে সাহিত্যিক, চিত্রনাট্যকার হিসেবেই বেশি এগিয়ে রাখবো।’ 

মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

হ‌ুমায়ূন আহমেদের নাটক-চলচ্চিত্রে শুধু অভিনয়ই নয়, খুব কাছ থেকে এই নন্দিত নির্মাতাকে দেখেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। জনপ্রিয়তা কেন হ‌ুমায়ূন আহমেদই সেরা—এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘তিনি (হ‌ুমায়ূন আহমেদ) যেভাবে কাজ করতেন যেভাবে লিখতেন বা নির্দেশনা দিতেন, সেভাবে আগে কেউ করেনি এতটুকু বলতে চাই। আমি কাজের শুরুতেই বরাবরই বলতাম, স্যার, আপনি একটু আমাকে দেখিয়ে দেন। তিনি যেভাবে আমাকে দেখিয়ে দিতেন, সেভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, সেটা করতেও পারিনি। কারণ তিনি প্রতিটা বিষয়, প্রতিটা অভিনয় এত গভীরভাবে দেখিয়ে দিতেন যে সেটা একজন অভিনেতার পক্ষে করা কঠিন। কারণ তিনি যে গভীর দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখতেন, সেই গভীর দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখা আমাদের মতো অভিনেতাদের জন্য খুবই কঠিন।’

পরিশেষে বলা যায়, হ‌ুমায়ূন আহমেদ একজনই। যে তাঁর সৃষ্টিকর্মে সমাজ বাস্তবতা ও দেশের মানুষকে সামগ্রিকভাবে ধরতে পেরেছিলেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের গল্প জানাতে গিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সেখানে নিজের অভিজ্ঞতা, কষ্ট আর সিদ্ধান্ত সবকিছুই সরাসরি তুলে...
মাঝেমধ্যেই চলচ্চিত্রকার ও কথসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতির গভীরে ডুব দেন তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। আজও তেমনই এক আবেগঘন স্মৃতি সামনে আনলেন তিনি।
রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি শিল্পীদের উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মাস তিনেক আগেই বিষয়টি জানিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই অংশ হিসেবে গেল অক্টোবরের শেষদিকে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর