অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে আগামীকাল (৯ সেপ্টেম্বর)। অ্যাপলের কুপার্টিনো হেডকোয়ার্টারে অনুষ্ঠিত শরৎ-এর এই প্রথম ইভেন্টে আইফোনের নতুন সিরিজের পাশাপাশি আরও কয়েকটি ডিভাইস ও অ্যাপ্লিকেশনের আপডেট নিয়ে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আগেই জানা গেছে আইফোন ১৬ হাজির হচ্ছে এআই সক্ষমতার এ১৮ চিপসেট নিয়ে। এবারে জানা গেল কোন প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এ১৮ প্রসেসর। দ্য ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় শনিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার ডিজাইন প্রতিষ্ঠান এআরএম-এর একেবারে নতুন ভি৯ চিপ ডিজাইনটি ব্যবহার করেই তৈরি করা হয়েছে এ১৮ চিপসেট।
আসন্ন আইফোন ১৬-এর অন্যতম আকর্ষণ হচ্ছে এর এআই ফিচার। আর তার জন্য চাই শক্তিশালী প্রসেসর। সেদিক থেকে আইফোন ১৬-এর সাফল্য অনেকাংশেই নির্ভর করছে নতুন এ১৮ চিপসেটের কার্যকারিতার উপর।
তবে ভি৯ চিপ ডিজাইনের বেশ সুনাম রয়েছে। বস্তুত সফটব্যাংক-এর মালিকানাধীন এআরএম-এর স্মার্টফোন সেগমেন্টের আয়ের ৫০ শতাংশই আসে ভি৯ চিপের মাধ্যমে।
উল্লেখ্য, অ্যাপল তাঁদের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য কাস্টম চিপ ডিজাইনের ক্ষেত্রে এআরএম-এর প্রযুক্তি ব্যবহার করে থাকে। অ্যাপল নিজেদের ডিভাইসে এআরএম-এর চিপ প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত নতুন একটি চুক্তি স্বাক্ষর করে গত বছরের সেপ্টেম্বরে। এই চুক্তি ২০৪০ সালের পরেও বলবৎ থাকবে।
অ্যাপলের সাথে এআরএম এর সম্পর্ক আজকের নয়। ১৯৯৩ সালে অ্যাপল এআরএম-এর প্রসেসর ব্যবহার করে বাজারে নিয়ে আসে ‘নিউটন’ নামের একটি হ্যান্ডহেল্ড ডিভাইস। ডিভাইসটি বাজারে না চললেও এআরএম ঠিকই মোবাইল ফোনের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়।
এআরএম-এর চিপের অন্যতম দিক এর স্বল্প বিদ্যু খরচ। আর এর ফলে তাঁদের চিপ দিয়ে তৈরি ডিভাইসগুলোতে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। বিশ্বের বেশিরভাগ স্মার্টফোনে ব্যবহৃত কম্পিউটিং আর্কিটেকচারের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মালিক এআরএম।
তথ্যসূত্র: রয়টার্স, গ্যাজেটস৩৬০



