শোবিজ দুনিয়ার আলোচিত অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। প্রায়ই নানা বিষয়ে সামাজিকমাধ্যমে তিনি নিজের অভিমত ব্যক্ত করেন। মনের ভেতর যখন যে কথা ঘুরপাক খায়, অকপটে সেটাই প্রকাশ করেন এই তারকা।
বুধবার (২২ অক্টোবর) জয় তাঁর এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসা করেন। জায়েদের একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও ক্লিপে দেখা যায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-এ একটি গানের সঙ্গে নাচছেন জায়েদ।
ক্যাপশনে জয় লেখেন, ‘উনি (জায়েদ খান) কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি একটা মানুষ কীভাবে এত সুখী হয়? দলমত ও রাজনীতির ঊর্ধ্বে ছোট্ট জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি। কারণ আমার বিবেক-বুদ্ধি ও সংবেদনশীলতা আমাকে এ রকম আনন্দ করতে দেয় না।’
যোগ করে আরও বলেন, ‘আমি আমার বিবেক-বুদ্ধি ও সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি, যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই।’
সবশেষে এই অভিনেতা-উপস্থাপক লেখেন, ‘বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষকে পেলে টেনে-হেঁচড়ে বড় করে তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকায় আছেন চিত্রনায়ক জায়েদ খান। গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরেননি তিনি। তারও আগে থেকেই আমেরিকায় আছেন এই নায়ক।
এদিকে, প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


মৃত্যু নিশ্চিত করতে পোস্টমর্টেমের বাহানায় সালমান শাহের পার্টস কেটে ফেলা হয়: নীলা চৌধুরী
