মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হন ‘বুনো ওল’, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেন ‘বাঘা তেঁতুল!’ বিশ্ব রাজনীতির এই দুই ‘পাগলা ঘোড়া’ কখন কী করে বসেন, তা অনুমান করার সাধ্য যেন কারো নেই। নিজের স্বার্থ আর লক্ষ্য পূরণে দুজন–ই নিতে পারেন যেকোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত।
কারো কাছে নত হওয়া—দুজনেরই স্বভাববিরুদ্ধ। তবে এবার এক ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। ট্রাম্পকে কিছুটা নমনীয় মনে হচ্ছে, নিজ থেকেই দেখা করতে চেয়েছেন কিমের সঙ্গে।
এর আগে একাধিক মার্কিন প্রেসিডেন্ট কিমকে পারমাণবিক অস্ত্র ছাড়াতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প নিজেও প্রথম মেয়াদে চেষ্টা করে সফল হননি। এবার আরেক দফা চেষ্টা করতে চান ট্রাম্প। কিন্তু কিমের শর্ত একটাই—পরমাণু অস্ত্র ছাড়ার কথা একদমই বলা যাবে না! তাহলে, কিমকে থামাতে গিয়ে কি এবার উল্টো তার পরমাণু কর্মসূচিকে মেনে নিতে হবে ট্রাম্পকে?
একসময় ট্রাম্প আর কিমের মধ্যে চলত ভয়ংকর সব কথার লড়াই। একজন হুমকি দিতেন তো অন্যজন, চালাতেন একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তারপর হঠাৎ কিছুটা বদলে যেতে দেখা যায় দৃশ্যপট। দুজন বসেন এক টেবিলে। কিন্তু ২০১৮ ও ২০১৯ সালের কয়েক দফার সেই বৈঠক শেষ পর্যন্ত বড় কোনো সমাধান আনতে পারেনি।
ট্রাম্প আবারও কিমের সাক্ষাৎ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মজার বিষয় হলো, কিমকে এখন আগের চেয়ে আরও বেশি ক্ষ্যাপাটে মনে হচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের দাবি না ছাড়ে, তাহলে আলোচনায় বসার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। অর্থাৎ, ট্রাম্প চাচ্ছেন কিমকে পরমাণু অস্ত্র ছাড়াতে। উল্টোদিকে কিম চাচ্ছেন—ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি দিক। আর এ জায়গাতেই তৈরি হয়েছে সবচেয়ে বড় অচলাবস্থা।
কৌতূহলের বিষয় হলো— কিম ঠিক কী কারণে এখন এতটা ক্ষ্যাপাটে হলেন? কারণটা অনুমান করা সহজ, গত কয়েক বছরে উত্তর কোরিয়া অনেকটাই বদলে গেছে। দেশটির হাতে এখন আছে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড। আছে এমন ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের কারণে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কামানের গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৬ হাজার সেনা দিয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে পেয়েছে খাদ্য, জ্বালানি, অর্থ ও প্রযুক্তিগত সহায়তা। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ সামলানোর ক্ষমতাও বেড়েছে পিয়ংইয়ংয়ের।
শুধু অস্ত্র নয়, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন আরও গভীর। গত সেপ্টেম্বরের শুরুতেই দেশ দুটির মধ্যে তুমেন নদীর ওপর চালু হয়েছে প্রথম সড়ক সেতু। রাশিয়া গত বছর উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য দিয়েছে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা। এমনকি আশঙ্কা রয়েছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া হয়তো কিমকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতেও সহায়তা করছে। অর্থাৎ, কিমের হাতে শুধু পরমাণু অস্ত্রই বাড়ছে না—বাড়ছে প্রযুক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনও।
প্রশ্ন হলো— কিমের হাতে ঠিক কি পরিমান পরমাণু অস্ত্র আছে? ২০২৩ সালে উত্তর কোরিয়া নিজেদের সংবিধানে পারমাণবিক রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান নিশ্চিত করেছে।
ট্রাম্পের হিসাবে, উত্তর কোরিয়ার হাতে এখন ৫৭টি পারমাণবিক ওয়ারহেড আছে। তবে কিছু জরিপের তথ্য বলছে, এই সংখ্যা ১২০টি পর্যন্ত হতে পারে এবং উত্তর কোরিয়া প্রতিনিয়ত আরও পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইয়ংবিয়নে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার সন্ধান পেয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
এতকিছুর পর যুক্তরাষ্ট্র তাহলে কি করবে? তাদের কি বদলাতে হবে কৌশল? এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। একটি পক্ষ বলছে—উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ছাড়াতে চাপ দেওয়ার পুরোনো কৌশল কাজ করছে না। বরং, আলোচনা শুরু করা উচিত।
কিন্তু এখানেই আসল বিপদ! উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র মেনে নিলে এর প্রভাব পড়তে পারে পুরো এশিয়ায়। কারণ, উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হলে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যেও প্রশ্ন উঠতে পারে—তাহলে নিজেদের নিরাপত্তার জন্য কি পারমাণবিক অস্ত্র দরকার? আর যদি অন্য দেশগুলোও উত্তর কোরিয়ার মতো একই পথ অনুসরণ করে, তাহলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টাই বড় ধাক্কা খেতে পারে।
তাহলে ট্রাম্প কি আবারও কিমকে পরমাণু অস্ত্র ছাড়ানোর চেষ্টা করবেন? নাকি বাস্তবতা মেনে নিয়ে শুরু করবেন অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা? আর সবচেয়ে বড় প্রশ্ন— কিমকে আলোচনার টেবিলে আনতে গিয়ে ট্রাম্প কি এমন একটি উত্তর কোরিয়াকে মেনে নেবেন, যে দেশটি ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর?


