হাজার কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের পরও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল। এতে একদিকে চিকিৎসা সেবা বঞ্চিত স্থানীয়রা। অন্যদিকে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষা। বাধ্য হয়ে সড়কে আন্দোলনে নামেন ৬টি ব্যাচের সাড়ে ৩০০ শিক্ষার্থী। এদিকে, কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস কলেজ অধ্যক্ষের।
হাসপাতালের প্রয়োজনীয় সব অবকাঠামোই প্রস্তুত। তবুও নেই রোগীদের চিকিৎসার ব্যবস্থা। সুনামগঞ্জে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন-হোস্টেলসহ ২০টি ভবনের নির্মাণ শেষেও পড়ে আছে তালাবদ্ধ।
২০১৮ সালে একনেকে ১ হাজার ১০৭ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। এরপর ২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর পর, ২০২৪ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসে যাত্রা।
হাসপাতালটিতে বর্তমানে ৬টি ব্যাচে ৩৫০ শিক্ষার্থী। হাসপাতাল চালু না হওয়ায় হাতে-কলমে চিকিৎসা বিষয়ক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি শিক্ষক সংকটে ব্যাহত একাডেমিক শিক্ষা। সংকট সমাধানের দাবিতে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হন তারা।
সুনামগঞ্জ জেলা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম জানান, ভবনের সব কাজ শেষ। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় বুঝিয়ে দিতে প্রস্তুত তারা।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়া জানান, শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যার বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই একাডেমিক কার্যক্রম বেগবান করার আশ্বাস তার।
স্থানীয়রা বলছেন, দ্রুত হাসপাতালটি চালু হলে চিকিৎসার সুযোগ পাবেন জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।



