ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে বাড়িটি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি বিশেষ মহল জবরদখলের চেষ্টা করছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর তাদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
বিবৃতিতে ধীরেন্দ্রনাথ দত্তের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন তিনি। ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে দীর্ঘদিন নির্যাতনের পর তাকে হত্যা করা হয়। একই সময়ে তার কনিষ্ঠ পুত্রকেও হত্যা করে হানাদার বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত সরকারে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নাগরিকেরা অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরও ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি। তার নামে কোনো জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ না হওয়াও দুঃখজনক। এমন পরিস্থিতিতে তার বাড়িতে স্মৃতি জাদুঘরের সাইনবোর্ড লাগিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে জবরদখলের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে অবিলম্বে বাড়িটি থেকে জবরদখলকারীদের লাগানো সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নাম তার নামে করার দাবিও জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, আলোকচিত্রী ড. শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, তানজীমউদ্দিন খান, শাহনাজ হুদা, জোবাইদা নাসরীন ও রোবায়েত ফেরদৌসসহ ৩৪ জন বিশিষ্ট নাগরিক।


