পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে। গ্যাসের সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রহকেরা।
খোঁজ জানা যায়, এর আগে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা। সিলিন্ডার প্রতি বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। দীর্ঘ এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় বিরাজ করছে এ অবস্থা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রহকেরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় বেশি দামে ক্রয় করার কারণে একটু বেশি দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা।
সৈয়দ রাসেল নামের এক ক্রেতা বলেন, ‘কয়েক দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। পাশাপাশি গ্যাসের দাম বেড়েই চলছে। গত সপ্তাহে বসুন্ধরা গ্যাস কিনেছি ১৬০০ টাকা দরে। এখন কিনতে গিয়ে দেখি বসুন্ধরা গ্যাস একেবারেই নেই। এজন্য এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিৎ।’
বাবুল নামের এক দোকানদার বলেন, ‘আগে গ্যাস কিনতাম ১১০০ থেকে ১২০০ টাকা দরে। সেই গ্যাস এখন ১৩০০ থেকে ১৪০০ টাকা কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা করে টিকে থাকতে পারব না।’
শিক্ষিকা নাজমা আক্তার জানান, এমনিতেই সকল পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখন আবার প্রতিটি গ্যাসের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেশি। ব্যয় বেড়ে যাওয়ায় পরিবার পরিজনের দু মুঠো ভাত খাবার কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘কেউ গ্যাস মজুত করে সংকট তৈরি করলে ও অতিরিক্ত মূল্য রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



