চট্টগ্রামের মীরসরাইয়ে লরির চাপায় জয়নাল আবেদীন নামে এক নার্সারি মালিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাদামতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জয়নাল আবেদীন একই এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বজলুল হক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
বজলুল হক জানান, আজ সকালে বাদামতলী এলাকায় জয়নাল মহাসড়কের পাশে তাঁর নার্সারিতে কাজ করছিলেন। এসময় কন্টেইনারবাহী একটি লরি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান বজলুল হক। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লরির চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্ল ঞ মারমা জানান, লরির চাপায় নিহতের শরীরের কয়েকটি অংশ থেঁতলে যায়। পরে মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


