মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরে টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা তাদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ডিজেল ও সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, পাচারকারী চক্রটি ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল দূরে একটি সন্দেহজনক মাছধরার নৌকা শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ থেকে নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামের নৌকাটি আটক করা হয়। আটক নৌকাটি তল্লাশি করে এক হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্ট ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফার আশায় ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এদিকে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ১৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং ২৩ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।



