আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে মন্তব্য করে এর জন্য ক্ষমতাসীন বিএনপির লোকজনকে দায়ী করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
আজ রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে- এসব কিছুই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ সরকারি দলের লোকেরাই এসবের সাথে জড়িত।
তিনি বলেন, যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সাথে জড়িত, তাই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরব। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সাথে একসাথে কাজ করেছি, কথা বলার সুযোগ রয়েছে- এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায়, সেটা আলাপ করব।
বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কি না– এমন প্রশ্নে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা এত তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ তাকে ব্যর্থ সরকার হিসেবেই ট্রিট করবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারেন।
তিনি বলেন, আমি বিএনপি ও সরকার প্রধানকে আহ্বান জানাব; দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এসময় আরও উপস্থিত ছিলেন– কুমিল্লা দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহানসহ চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।



