চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ভেঙ্গে পড়ে গেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।
মন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেটে মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে অতিরিক্ত মানুষের চাপে সেটি ভেঙে পড়ে।
পরে তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করার সময় শুরু হয় হুড়োহুড়ি। এসময় ঠেলাঠেলিতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ ১০ জন আহত হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ভেঙে পড়ে৷ তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানি না। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।’



