বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি, আল্ভারেজের মতো তারকা। অন্যদিকে, হালকা চোটে পড়েছেন ইয়ামাল। তবে অনুশীলন করেছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড। রোববার রাতে নিউ জার্সিতে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্পেন।
আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া স্কালোনি শিষ্যরা। ইংল্যান্ডকে হারানোর পর দিনই অনুশীলন করেছে আলবিসেলেস্তে।
ইংলিশদের বিপক্ষে শুরুর একাদশে থাকা বেশির ভাগ ফুটবলারকে বিশ্রাম দেন স্কালোনি। যোগ করা সময়ে জয়সূচক গোল করা লাওতারোসহ, অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দিরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।
ট্রেনিং সেশনে যোগ দেন গোল কিপার এমিলিয়ানো মার্টিনেজও। গেল আসরে দারুণ করলেও, এবার সেরা ফর্মে নেই এমি। ফাইনালে স্পেনের বিপক্ষে তার থেকে বাড়তি প্রত্যাশা আকাশী-নীল সমর্থকদের।
আর্জেন্টিনা ফুটবলারদের ফুরফুরে মেজাজে দেখা গেলেও, স্পেন শিবিরে দুঃসংবাদ। দলের অন্যতম সেরা খেলোয়াড় ইয়ামাল ও পেদ্রো পোরো ইনজুরিতে পড়েছেন। তবে চোট গুরুতর নয়। আলাদাভাবে অনুশীলন করেতে দেখা গেছে ইয়ামালকে।
এবারের আসরে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং আর সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন। ফাইনালে শতভাগ ফিট ইয়ামালকে পাওয়ার আশায় স্প্যানিশরা।
অন্যরা নিয়মিত অনুশীলন করেছেন। সাত ম্যাচের ছয়টিতে ক্লিন শিট রাখা কিপার উনাই সিমন মেসি, লাওতারোদের রুখতে মরিয়া। কুকুরেয়া নিজের সেরা ফর্মে। মিডে স্প্যানিশদের ভরসা রদ্রি, পেদ্রি ডুয়ো।



