কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ আঘাত হেনেছে একটি আকস্মিক টর্নেডো। শুক্রবার বিকেল প্রায় ৩টার দিকে সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্টে সৃষ্ট এই ঘূর্ণিবাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিট স্থায়ী এই টর্নেডোর তীব্র ঘূর্ণিতে সৈকতের কিটকট, অস্থায়ী দোকানপাট ও অন্যান্য ছোট ব্যবসাপ্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় উড়ে যাওয়া কিটকটের ছাতা, ত্রিপল ও বিভিন্ন সামগ্রীর আঘাতে বেশ কয়েকজন পর্যটক আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক ঘটনায় সৈকতে কিছু সময়ের জন্য চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ঢাকা অফিসে পাঠানো হয়েছে। ফুটেজ পর্যালোচনা শেষে ঢাকা অফিস থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।



