রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্র। তাঁর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শাহরিয়ার রহমান শুভ্রর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।


