বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী শক্তি ফেরার পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়–কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু হচ্ছে। এই সার্ভিসটি সাপ্তাহিক ভিত্তিতে পরিচালিত হবে। বৃহস্পতিবার ঢাকা থেকে কুমিল্লাগামী এবং রোববার কুমিল্লা থেকে ঢাকাগামী বাস চলবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বরেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
তিনি এ সময় বলেন, ডাকসু নির্বাচনের সময় শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার চেয়েও বেশি কাজ করা হবে।
ডাকসু ভিপি বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে, সে পথ বন্ধ করে দিতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের কাছে জবাবদিহি করে–এটাই প্রত্যাশা। ডাকসু সেই জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব উদ্যোগে সহযোগিতা করছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাস সার্ভিসটি সবাই যেন যত্নের সঙ্গে ব্যবহার করে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগের পরিসর আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান উপাচার্য।



