ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ১৬ মার্চ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫ তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডাইরেক্টরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।



