গাজীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপাড়ের বাসিন্দাদের। বর্ষায় নৌকা আর অন্য সময় বাঁশের সাঁকোই তাদের ভরসা। সিটি করপোরেশন বলছে, জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
গাজীপুরে শহরের তুরাগ নদের এপারে ইসলামপুর, আর ওপারে কাশিমপুর বাজার। এখানে কোনো স্থায়ী সেতু না থাকায় পণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে নৌকা-ট্রলার থাকলেও অন্য সময় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পার হতে হয় যাত্রীদের।
এলাকাবাসী বলছেন, সেতু না থাকায় নৌপথে অথবা কোনাবাড়ি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের।
সিটি করপোরেশন জানিয়েছে, সেতুর জন্য জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে দরপত্রসহ সব কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী মাসেই শুরু হবে নির্মাণকাজ।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানান, জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত এ নদীর উপর একটি সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জাইকার অর্থায়নে সিটিরিজন ডেভেলপমেন্টের প্রজেক্ট থেকে ইতোমধ্যে দরপত্রসহ সকল কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী মাস থেকে ঠিকাদার সেখানে কাজ শুরু করতে পারবেন
সংযোগ সড়কসহ সেতুটি নির্মাণে খরচ হবে ১০৯ কোটি টাকা। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু করার দাবি স্থানীয়দের।



