রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, আব্দুস সালাম (২০) ও মো. জনি (২৪)।
জানা গেছে, নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামে। তার বাবার নাম মো. সেলিম সরকার। তিনি কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১১ তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরদিকে নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া এলাকায়। তার বাবার নাম মো. বাবুল মিয়া। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলে ব্যারিস্টার মোয়াজ সাহেবের ক্লার্ক ছিলেন।
শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আব্দুস সালাম এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. জনি মারা যান।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।



