সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলের অপরাধের নেপথ্য কারণের কথা বলতে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘সেই তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।’
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে স্থানীয় সর্বস্তরের জনগণ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিতর্কিত বিয়ের সত্যতা তুলে ধরে বক্তব্য দিতে গিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে, ওই মেয়েটির আবদার, সে অন্য জায়গায় বিয়ে করবে না, যতদিন সে বাঁচবে, এমপি সাহেবকে সেবা করে যাবে।’
তিনি আরও বলেন, ‘এভাবেই মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক। বিয়েটা অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।’
শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশরাররফ হোসেন প্রমুখ।



