অনুসন্ধানী সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও কার্যপ্রক্রিয়া সম্পর্কে জানার উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ পরিদর্শন করেছেন। গত ২৩ জুলাই তারা ইনডিপেনডেন্ট কার্যালয়ে আসেন।
পরিদর্শনের শুরুতে তালাশের উপস্থাপক ও হেড অব ইনভেস্টিগেশন আব্দুল্লা আল রাফি অনুসন্ধানী সাংবাদিকতার ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির শুরু থেকে সম্প্রচার পর্যন্ত প্রতিটি ধাপ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
প্রেজেন্টেশনে বিষয় নির্বাচন, তথ্য-উপাত্ত সংগ্রহ, ডকুমেন্টভিত্তিক অনুসন্ধান, ঝুঁকি মূল্যায়ন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, গোপন অনুসন্ধান কৌশল, তথ্য যাচাই-বাছাই, সম্পাদকীয় নীতি, ভিডিও সম্পাদনা এবং সম্প্রচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় নিরপেক্ষতা, নৈতিকতা, জনস্বার্থ এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কেও তিনি আলোকপাত করেন।
প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তালাশ টিমের সদস্যরা তাদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ সময় উদীয়মান তরুণ সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদনের পরিকল্পনা, তথ্য সংগ্রহের কৌশল, সোর্স ব্যবস্থাপনা, নিরাপত্তা, ঝুঁকি মোকাবিলা, নৈতিক চ্যালেঞ্জ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
তালাশ টিম বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
পরে শিক্ষার্থীদের তালাশের এডিটিং ইউনিট, শুটিং সেট এবং প্রোডাকশন কার্যক্রম ঘুরে দেখানো হয়। তারা একটি অনুসন্ধানী প্রতিবেদনের ধারণা তৈরি থেকে শুরু করে ভিডিও সম্পাদনা এবং সম্প্রচার পর্যন্ত পুরো কর্মপ্রবাহ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পান। তালাশের বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম, সম্পাদনা পদ্ধতি এবং টিমওয়ার্ক সম্পর্কেও তারা ধারণা লাভ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শামসুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভবিষ্যৎ সাংবাদিকদের উদ্দেশে বলেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো সততা, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা। তিনি শিক্ষার্থীদের সত্য অনুসন্ধানে সাহসী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, অংশগ্রহণমূলক এবং শিক্ষণীয়। বাস্তব কর্মপরিবেশে অনুসন্ধানী সাংবাদিকতার কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের শিক্ষা-সফর তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন।



