রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিহতের স্ত্রী রাত্রি বলেন, ‘গত পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। তিন ভাই এক বোনের মাঝে সবার ছোট ছিল মেহেদী। সে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড তৈরির কাজ করতো। গত রাত সাড়ে বারোটার দিকে থানা পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি মিরপুর শাহ আলী মাজারের পাশে কাচ্চি ভাই দোকানের সামনে কে বা কারা আমার স্বামীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। পরে আজ সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার স্বামী।’
অপরদিকে নিহত মেহেদীর বড় ভাই সোহেল হোসেন বলেন, ‘এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।’
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ‘মধ্যরাতে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাই দোকানের সামনে ছুরি-চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই পুলিশ জানতে পারে যে আটক ব্যক্তি নিকটবর্তী এক যুবককে ছুরিকাঘাত করেছেন এবং আহত যুবককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ওই যুবকের মৃত্যু হয়।’
এস আই আরও বলেন, ‘নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন সাইনবোর্ড কারিগর ছিলেন। ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটেছে, নাকি পূর্বশত্রুতার জেরে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।’



