চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে অনেকের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
একদিকে জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা। অন্যদিকে হাসপাতালের ওয়ার্ডে ঠাঁই পাওয়ার লড়াই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভোগান্তি বেড়েছে। ডেঙ্গু ওয়ার্ডে শয্যা আছে ৪০টি। রোগী ভর্তি দ্বিগুণেরও বেশি। ফলে চাপ বেড়েছে চিকিৎসক-নার্সদের ওপরও।
চট্টগ্রামে আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ২০২ জন। এ বছর এখন পর্যন্ত এক মাসে এটিই সর্বোচ্চ শনাক্ত। আর সেপ্টেম্বরের প্রথম চার দিনেই নতুন করে আক্রান্ত হয়েছে ২৫২ জন।
চমেক মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুল ইসলাম আরজু বলেন, ‘রোগীদের অনেকেই গুরুতর জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন।’
তবে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ‘রোগীর চাপ বাড়লেও কাউকে চিকিৎসার বাইরে রাখা হচ্ছে না।’
চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ রোগীর স্বজনদের।



