রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত কার্যক্রম শুরু করে। সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’



