নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত শিশু মো. ওবায়দুল্লাহ উপজেলার জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আর মো. শাহাদত মিয়া একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, সকাল আনুমানিক ১০টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশু দুটি খেলছিল। একপর্যায়ে তারা হাওরের পানিতে পড়ে যায়। শিশুদের পরিবার ও গ্রামের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে হাওরের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



